মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জুলাই হত্যা মামলা: সাবেক ডিজিএফআই পরিচালক ৩ দিনের রিমান্ডে

জুলাই হত্যা মামলা: সাবেক ডিজিএফআই পরিচালক ৩ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে জানান, মামলার তদন্তের অগ্রগতির স্বার্থে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

এর আগে, গত ২৯ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরবর্তীতে অন্য একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুদিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় কয়েকশ সশস্ত্র ব্যক্তির একটি দল সেখানে হামলা চালিয়ে জুলাই আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন