রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

দীর্ঘ চার যুগের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির মাঠে কখনো শাসক হিসেবে, কখনো রাজপথের প্রধান বিরোধী দল হিসেবে দেশের গণতান্ত্রিক বিবর্তনে দলটি রেখেছে অসামান্য ভূমিকা।

১৯৭৮ সালের এই দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটির বীজ বপন করেছিলেন, কালের পরিক্রমায় তা আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে।

১৯৭৫ সালের পর বাংলাদেশে চরম সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। একদলীয় বাকশাল শাসনের পর দেশে বহুদলীয় শাসনব্যবস্থা এবং উন্মুক্ত রাজনীতির চরম শূন্যতা দেখা দিয়েছিল।

সেই ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। দেশের এই রাজনৈতিক শূন্যতা পূরণ এবং সার্বভৌমত্ব সুসংহত করার লক্ষ্যে তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন।

প্রথমে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত হয় ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ (জাগদল)। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের সমন্বয়ে গঠিত হয় ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’। এই ফ্রন্টের প্রার্থী হিসেবেই জিয়াউর রহমান ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন।

এরপর জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালের বিকেল ৫টায় রমনা গ্রিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতিকে মূল ভিত্তি করে যাত্রা শুরু করে দলটি।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন