ঢাকা: বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২৮ সেন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২৯ সেন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৮৪ ডলারে উঠেছে।
এর আগে গতকাল সোমবার (৬ জুলাই) তেলের দাম কমে গিয়ে ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ে নেমে এসেছিল।

বাজার বিশ্লেষক সংস্থা কেসিএম ট্রেড-এর তথ্য বলছে, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় তাৎক্ষণিক যুদ্ধকালীন মূল্যবৃদ্ধির চাপ কমে গেছে।
তবে মার্কিন-ইরান সম্পর্কের যে অনিশ্চিত ইতিহাস, তাতে বর্তমান যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে বিনিয়োগকারীরা এখনও বেশ শঙ্কিত।
সম্প্রতি ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান থেকে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে।
এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে আসবে, অন্যথায় সামরিক অ্যাকশনে গিয়ে ‘কাজ শেষ করবে’।
ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। বর্তমানে বিনিয়োগকারীরা পারস্য উপসাগরের তেল রপ্তানি পরিস্থিতি সচল হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের আলোচনার দিকে কড়া নজর রাখছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় দেখা গেছে, গত মে মাসে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত তাদের তেল উৎপাদন ব্যাপক বাড়িয়েছে।
গত জুন মাসে দেশটি দৈনিক ৩৮ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ এবং ইরান যুদ্ধ শুরুর আগের চেয়েও অনেক বেশি।
জেএন



