, || ||

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিলো আ. লীগ নেতার ছেলে

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিলো আ. লীগ নেতার ছেলে

চুয়াডাঙ্গায় বাকবিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামানের (৩১) গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে সুলতানের বিরুদ্ধে। এই ঘটনায় আরও দুইজন গরম পানিতে দগ্ধ হয়েছেন।

অভিযুক্ত সুলতান সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। মো. হাসানুজ্জামান ও দগ্ধ অন্য দুইজন হলেন-একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২)।

আহত তিনজনকেই দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান অভিযোগ করে বলেন, পুকুরপাড়ার চায়ের দোকানে বসে ছিলাম, এ সময় আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও স্থানীয় নেতৃত্ব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজে মন্তব্য করে। আমি ঘটনার প্রতিবাদ জানালে সে উত্তেজিত হয়ে রাজনৈতিক আক্রোশ থেকে দোকানের কেটলি ভর্তি ফুটন্ত গরম পানি আমার গায়ে ঢেলে দেয়।

এ সময় আমাকে বাঁচাতে গেলে পাশে থাকা সিরাজুল ও হাসানের গায়েও গরম পানি পড়ে তাদের শরীর ঝলসে যায়। ঘটনার পরপরই তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার। তিনি দগ্ধ নেতাদের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এ ধরণের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনার পেছনে জড়িত অভিযুক্ত সুলতানকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এমভি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন