রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখা আ. লীগ নেতার চিঠি ভাইরাল

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখা আ. লীগ নেতার চিঠি ভাইরাল

পিরোজপুর : প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এই নেতার লেখা চিঠি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মাঝে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মূলত, চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও এক বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে।

চিঠিতে যা লেখা হয়- চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার (তারেক রহমান) নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনী ইশতেহার ও সর্বোপরি ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এই অসামান্য বিজয়। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেবার পালা। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্র নায়োকচিত নেতৃত্ব ইতোমধ্যে দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এমআর/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন