সাতক্ষীরা :সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে গুলি করে আমিনুর গাজী (৩৪) নামে এক কাঁকড়া শিকারিকে হত্যার অভিযোগ উঠেছে বনবিভাগের এক কর্মকতার বিরুদ্ধে।
নিহত আমিনুর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।
সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সঙ্গে থাকা জেলেরা।

আমিনুর গাজীর সহযোগী জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বনবিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুল আলম বলেন, ফরেস্টারের গুলিতে জেলে আমিনুর রহমান নিহত হয়েছেন। তারা চারজন দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সকালে তাদের দেখে মোবারক নামে এক বন কর্মকর্তা গুলি করেন। পরে কাছে গিয়ে দেখেন আমিনুর মারা যাচ্ছেন। এরপর তিনি ফিরে আসেন।
তিনি বলেন ইতোমধ্যে খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে বিষয়টি অবহিত করেছেন।
তিনি আরও বলেন, “বনবিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে দুপুরে মরদেহ লোকালয়ে নিয়ে আসা হলে পরিবার ও গ্রামবাসীদের মাঝে শোকের মাতম শুরু হয়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
তবে এ ঘটনার পর বনবিভাগের সংশ্লিষ্ট রেঞ্জার ও কর্মকর্তাদের ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বনবিভাগের কেউ গুলি চালিয়েছে এমন তথ্য এখনো নিশ্চিত নই। ডাকাতদের গুলিতে নাকি কোস্টগার্ডের গুলিতে মারা গেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বনবিভাগের গুলিতে মারা গেলে কেন গুলি করা হয়েছে, সেটির জবাবদিহি অবশ্যই করতে হবে।
তিনি আরও বলেন, মোবারক নামে এক কর্মকর্তার নাম আসছে, তবে এখনো তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।
আব্দুল মোমিন/জেএফজে/এনডি



