কক্সবাজার : বরিশালের ভাটিখানা এলাকার সেই বিকেলটা আজও ভুলতে পারছেন না সৌরভের মা। ঘরে রান্না হয়নি, তাই বাজারে খিচুড়ি আনতে গিয়েছিল ১৪ বছরের কিশোর সৌরভ দাশ। এরপর আর ঘরে ফিরে আসেনি সৌরভ, পার হয়ে গেছে চারটি দিন।
চারদিন ধরে সন্তানের খোঁজে দিশেহারা সৌরভের পরিবার, স্বজনদের কান্না আর এক থানা থেকে আরেক থানায় ছুটে বেড়ানোর পর অবশেষে মিলেছে স্বস্তির খবর। বরিশাল থেকে নিখোঁজ হওয়া সৌরভকে উদ্ধার করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এক কিশোরকে সন্দেহ হয় দায়িত্বরত পুলিশের সদস্যদের। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানায়। তবে আতঙ্ক আর ক্লান্তিতে সে বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছিল না।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, শিশুটি তার এলাকার কিছু অস্পষ্ট তথ্য দিলে পুলিশ গুগল ম্যাপের সহায়তা নেয়। একপর্যায়ে ম্যাপে একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখে সেটি চিনতে পারে সৌরভ। এরপর কাউনিয়া থানার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
খবর পেয়ে বুধবার রাতেই বরিশাল থেকে ঈদগাঁও থানায় ছুটে আসেন সৌরভের পরিবারের সদস্যরা। দীর্ঘ চারদিন পর ছেলেকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ মে দুপুরে খিচুড়ি আনতে বাড়ি থেকে বের হয় সৌরভ। এরপর আর ফিরে না আসায় পরদিন কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি নং- ১০৪) করা হয়। নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
বুধবার রাত ৮টার দিকে আইনি প্রক্রিয়া শেষে সৌরভকে পরিবারের কাছে হস্তান্তর করে ঈদগাঁও থানা পুলিশ। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আনন্দ আর আবেগে আপ্লুত হয়ে পড়ে পুরো পরিবার।এদিকে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনেরা।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



