শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনেই কমেছে ১০ শতাংশের বেশি।

বাংলাদেশ সময় সোমবার রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬০ মার্কিন ডলারে নেমে আসে। আগের দিনের ৯১ দশমিক ৬৮ ডলারের তুলনায় এর দাম কমেছে প্রায় ১০ দশমিক ৪ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় ৮ শতাংশ দরপতনের পর প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ৩৫ মার্কিন ডলারে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ ডলারে পৌঁছে যায়।

পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে গত শুক্রবার, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন।

এরপর সোমবার তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে। যদিও আলোচনায় অগ্রগতি না হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা আপাতত পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

বাজারে স্বস্তি ফেরার আরেকটি কারণ হলো বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনাল থেকে আবারও কাজাখস্তানের অপরিশোধিত তেল রপ্তানি শুরু হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে যে চাপ তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন