মানিকগঞ্জ : মানিকগঞ্জে পৃথক ঘটনায় তিনজনকে হত্যার ঘটনা ঘোতেছে। শনিবার (৩০ মে) রাত থেকে ভোর পর্যন্ত সদর ও দৌলতপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
শনিবার গভীর রাতে হত্যার শিকার হন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা মো. সজিব। উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে হামলা চালিয়ে সজিবকে কুপিয়ে হত্যা করে।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ খুন হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর সঙ্গে শ্বশুর বাড়ির সদস্যদর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অস্ত্র দিয়ে গৃহবধূ ও তার শিশু সন্তানকে কুপিয়ে খুন করা হয়।
গৃহবধূর স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের ব্যবসায়ী। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা চালানো হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বি/এনডি/এএস



