রাজশাহী: রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকার আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্স নামে দুটি জুয়েলার্স দোকান থেকে ২০০ ভরি সোনা, ১২০০ ভরি রূপা ও নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।
শনিবার (২০ জুন) বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম সোনা-রুপা ও নগদ টাকা লুটের বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীরা বলছেন, ডাকাত দল প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল না থাকায় দুটি শোরুমের সংযুক্ত দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে শোরুমে থাকা স্বর্ণালংকার, রূপা ও নগদ অর্থ নিয়ে যায়।
মালিকপক্ষ জানায়, প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি চাঁদি (রূপা) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করেছে ডাকাত দল। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ফরেনসিক টিম আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে বাজুস রাজশাহী জেলার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, প্রাথমিক হিসাবে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি চাঁদি (রূপা) ও ২০ লাখ টাকা লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। একইসাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে পুলিশের একাধিক টিম।
হুমায়রা সিদ্দিকা/এনডি/এএস



