সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঢাকা: প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েছে শান্তরা। অথচ সফরের শুরুটা হলো হার দিয়ে। অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছেই যে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তাও আবার সোয়া দুই দিনে! ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সামনে ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, তাতে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল পর্যন্ত বিষয়টা মোটামুটি ‘ঠিকঠাক’ই ছিল। দলের কঙ্কাল বেরিয়ে আসেনি তখনো, প্রথম ইনিংসে মান বাঁচিয়েছিল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি; বাংলাদেশ তোলে ২৬৩ রান, মুখ রক্ষা হয় সেবারের মতো। জবাব দিতে নামা অনভিজ্ঞ  অস্ট্রেলিয়া একাদশকে চেপে ধরেও লিড আদায় করা যায়নি।

স্পিন সহায়ক হয়ে ওঠা উইকেটেও বড় সময় ধরে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজরা। প্রতিপক্ষের ইনিংস শেষ হয় ৩৫৫ রানে। বাংলাদেশ তখন ৯২ রানে পিছিয়ে। তখনও এমন বিপর্যয় চোখ রাঙায়নি বাংলাদেশকে। কিছুটা আঁচ মিলছিল দিনের শেষে।

১৯ রানে ২ উইকেট খুইয়ে দ্বিতীয় দিনটা শেষ করেছিল সফরকারীরা। তৃতীয় দিনের শুরুতে সে অস্বস্তিটা আতঙ্কে রূপ নেবে, কে জানত? ডারউইনে আজ সকালে সেটাই হলো। বাংলাদেশ এক ক্যাম্পবেল থমসনকেই তো জবাব দিতে পারল না! আগের দিন বিকেলে ২ উইকেট নিয়ে শুরুটা তিনি করেছিলেন। আজও তিনি থামেননি। ইনিংস শেষ করেছেন ৮ উইকেট নিয়ে।

বেরসিক কোরি রোকিচ্চিওলি ২টা উইকেট দখল করে নিয়েছিলেন, নাহয় ক্যাম্পবেল বোধ হয় পারফেক্ট টেন নিয়েই ইনিংস শেষ করতেন। ৮ উইকেট তিনি নিয়েছেন ১১ ওভারে; স্ট্রাইক রেট ৮.২৫!

বাংলাদেশের স্কোরকার্ড নিয়ে কথা যত কম বলা যায় ততোই ভালো। ২২ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। এই স্কোয়াডের সবচেয়ে অনভিজ্ঞ ২ জনের মধ্যে তিনি একজন। এই ইনিংস খেলেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। বাকিদের রানের সংখ্যাটা ৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০, ০। প্রস্তুতি ম্যাচের শেষটা তাই হলো ৫৪ রানে অলআউট হয়ে, ইনিংস ও ৩৮ রানের হার দিয়ে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন