ঢাকা: ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিং বিবেচনায় নিয়ে নির্ধারিত হবে সরাসরি বিশ্বকাপে খেলা দলগুলো। সেই হিসাবেই বাংলাদেশ এখন সরাসরি জায়গা নিশ্চিত করা দলগুলোর একটি।
এরই মধ্য দিয়ে দীর্ঘদিনের চিন্তা, অপেক্ষা আর নানা সমীকরণের অবসান হলো। বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
ফলে বাছাইপর্বের দীর্ঘ ও অনিশ্চিত পথ পাড়ি দেওয়ার প্রয়োজন হচ্ছে না বাংলাদেশের। সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় এখন থেকেই বড় মঞ্চের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের অবস্থানের কারণে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারও সরাসরি জায়গা করে নিতে পারেনি।
বর্তমানে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা ক্যারিবীয়দের সামনে থাকা ভারতের বিপক্ষে দুটি ওয়ানডেতে জয় পেলেও সরাসরি বিশ্বকাপে ওঠার মতো অবস্থানে যাওয়ার সুযোগ নেই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের খেলতে হবে বাছাইপর্ব।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারার হতাশা বাংলাদেশের সামনে ছিল না এবার। বরং ওয়ানডেতে নিজেদের অবস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি।
এর ফলে ২০২৭ বিশ্বকাপের আগে বাংলাদেশকে আর কোনো বাছাইপর্বের পরীক্ষার মুখোমুখি হতে হবে না।
তথ্য বলছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংইয়ে থাকা শীর্ষ ৮টি দল বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ ৮-এ রয়েছে, তাই র্যাংকিংয়ের শীর্ষ ৯ দল সরাসরি যাবে বিশ্বকাপে। বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর র্যাংকিংয়ের হিসেবনিকেশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা।
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।’
৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ঐ দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের।
তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।
জেএন



