ঢাকা: ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর ব্যাটিংয়ে রাজত্ব করছে টাইগাররা।
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ব্যাটে গড়ে ওঠে শক্ত ভিত।
এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ড্রেসিংরুমে ফিরেছিলো তামিম-মুমিনুলরা। মিচেল স্টার্কের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে দিনের একমাত্র উইকেট হারিয়েছিলেন সাদমান।

দ্বিতীয় দিনে মুমিনুল ৪৯ রানে ফিরে গেলেও তানজিদ নিজের ইনিংস টেনে নিয়ে যান। মুমিনুল ও তানজিদের ১০২ রানের জুটি ভাঙার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে তানজিদ ও নাজমুল হোসেন শান্ত।
এই পার্টনারশিপ থেকে আসে ৯৩ রান। আর এর মাঝেই নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তামিম, যেটি বাংলাদেশি হিসেবেও অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাদের মাটিতে প্রথম শতক।
শতক হাকানোর ঠিক পরেই তামিম থামেন ১০২ রানে, নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এদিকে আরেকপাশ আগলে রেখে অর্ধশতক করেছেন শান্ত। তামিম ফেরার পর ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
এরই মধ্যে শান্ত-মুশফিক জুটিও পেরিয়েছে অর্ধশত রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৮৫ রানে ব্যাট করছে। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৭ রানের।
তানজিদের সেঞ্চুরির আগেই বাংলাদেশের ইনিংসও পেরিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার ইতিহাস গড়ে বাংলাদেশ। সব মিলিয়ে ডারউইন টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ।
এর আগে প্রথম দিন বাংলাদেশের পেসারদের তোপে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৯৮ রানে। ক্যারিয়ারসেরা বোলিং করে ৬ উইকেট নেন হাসান মাহমুদ।
তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও বল হাতে রাখেন দারুণ নিয়ন্ত্রণ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ।
জেএন/এএস



