ঢাকা: রূপালী পর্দা থেকে কর্পোরেট দুনিয়ার পা রেখেছেন ঢাকাই ছবির নায়িকা তমা মির্জা। ব্যাংকের চাকরিতে যোগ দেয়ার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি এবার সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন এই অভিনেত্রী?
তবে নতুন এই পরিচয়ের জন্য পুরোনো ভালোবাসা—অভিনয়কে বিদায় বলছেন না। ভক্তদের সেই দুশ্চিন্তাও এক কথায় দূর করে দিয়েছেন অভিনেত্রী।
তমা বলেন, অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’

নতুন চাকরি প্রসঙ্গে তমার ভাষ্য, অভিনয় জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব।
নতুন পরিচয়ের খবর জানিয়ে ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও প্রকাশ করেছেন তমা। সেখানে সহকর্মী ও তারকারা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
তমাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। এবার ভিকি জাহেদের নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন। অর্থাৎ, নতুন চাকরি এলেও রূপালী পর্দা থেকে এখনই বিদায় নেওয়ার কোনো গল্প নেই তমার জীবনে।
উল্লেখ্য, বুধবার (১৯ আগস্ট) জানালেন, একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দিয়েছেন তিনি।
জেএন



