চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানা একালায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা, চোলাই মদ, ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা ডিএনসির উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন- জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মৃত আনছার আলী মন্ডলের ছেলে বদর উদ্দিন মন্ডল, একই উপজেলার দৌলতগঞ্জ পাড়ার মৃত আকবর আলী মন্ডলের ছেলে হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড়ের বিল্লাল হোসেনের ছেলে মো: রুবেল (১৮) ও হক পাড়ার মোঃ আবেদ আলীর ছেলে আশরাফুল (২৪)।

এদের মধ্যে বদর উদ্দিন মন্ডলের কাছ থেকে ৫০০ মিলি চোলাই মদ, হাফিজুর রহমানের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, মো. রুবেলের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও আশরাফুলের কাছ থেকে ইয়াবা দুই পিস উদ্ধার করা হয়।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বদর উদ্দিন মন্ডল ও হাফিজুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম আশিস মোমতাজ মো: রুবেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ও আশরাফুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এএস



