শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। চলবে ২০ মে পর্যন্ত।
পরীক্ষার প্রথম দিন অর্থাৎ আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে।
আর মাদ্রাসার কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজারের বেশি।
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ ছাড়া কেন্দ্র এলাকায় ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। কেন্দ্রের ভেতরে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস।
পিএস/এনডি/এএস



