চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের সুপরিচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ব্যতিক্রমী দোতলা ভবনের মালিক আব্দুর রহিম মারা গেছেন।
গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ডুগডুগী গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয়রা জানান, চরম অভাব-অনটনের মাঝে ভিক্ষা করে জীবন চালাতেন আব্দুর রহিম। ভিক্ষাবৃত্তি করেই তিল তিল করে টাকা জমিয়ে তিনি গ্রামটিতে একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় দোতলা ভবন নির্মাণ করেন।

এক ভিক্ষুকের এমন বিলাসবহুল বাড়ি নির্মাণের ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয় এবং ভবনটি ‘ভাইরাল ভবন’ হিসেবে পরিচিতি লাভ করে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডুগডুগী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুম আব্দুর রহিমের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এইচআই



