রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিদেশফেরত বাণিজ্য সচিবের ম্যালেরিয়ায় মৃত্যু

বিদেশফেরত বাণিজ্য সচিবের ম্যালেরিয়ায় মৃত্যু

বিদেশ সফর শেষে দেশে ফিরে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। গত ১৭ এপ্রিল মাহবুবুর রহমান রাজধানীর বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৫৮ বছর বয়সী এই সচীব রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন মাহবুবুর রহমান।

সফর শেষে দেশে ফেরার পর তিনি মৃদু জ্বরে আক্রান্ত হন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার এমন মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে।

সরকারের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এপিডেমিওলজিস্ট মশফিকুর রহমান বিটু জানিয়েছিলেন, আফ্রিকার ম্যালেরিয়া প্যারাসাইট অত্যন্ত শক্তিশালী ও ভিন্ন ধরনের। যে কারণে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বাণিজ্য সচিবকে বাঁচানো যায়নি।

এদিকে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলারা জানিয়েছেন, বিদেশ ভ্রমণ, বিশেষ করে রোগব্যাধির ঝুঁকি আছে এমন দেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরও সতর্ক হতে হবে। সফর সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য প্রোটোকল মানার ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। সফর শেষে দেশে ফেরার পর কোনো স্বাস্থ্য জটিলতা দেখে দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

প্রশাসনের কর্মকর্তারাও জানিয়েছেন, নিজের সুরক্ষার জন্যই কর্মকর্তাদের নিজেকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। তবেই ভবিষ্যতে আরও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে। এমনকি সরকারের পক্ষ থেকে এসব বিষয় মনে করিয়ে দিয়ে সরকারের একটি নির্দেশনা জারি করা উচিত বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলা মোহাম্মদ ফিরোজ মিয় বলেন, বিদেশ সফরের ক্ষেত্রে কর্মকর্তাদের নিজের স্বার্থেই নিয়ম-কানুনগুলো মানতে হবে। ঝুঁকিপূর্ণ দেশের ক্ষেত্রে ভ্যাকসিন কিংবা কোনো রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। কর্মকর্তাকে নিজেকেই এটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে কর্মকর্তাদের সচেতন করতে সরকার একটি নির্দেশনা জারি করতে পারে। বিদেশ সফরের আগে কোন কোন বিষয় বাধ্যতামূলক অনুসরণ করতে হবে, সে বিষয়ে তাগাদা দেওয়া যেতে হবে। স্বাস্থ্য প্রোটোকলগুলো মানার ক্ষেত্রে যাতে কারও গাফিলতির সুযোগ না থাকে। ভাবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. বাবুল মিঞা বলেন, বিদেশ সফরের ক্ষেত্রে আইনে সুরক্ষার কোনো ঘাটতি নেই। একজন কর্মকর্তা যখন কোনো দেশে যাবেন, সে দেশের তো প্রোটেকল আছে। সেগুলো মেনেই তো যেতে হয়।

বাণিজ্য সচিবের এভাবে মৃত্যুর বিষয়টি আশ্চার্যন্বিত করেছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের নিজেদের নিজেকে নিরাপদ করার জন্য সতর্ক থাকতে হবে। যে দেশে যাচ্ছি, সেই দেশের প্রোটোকল যাতে ঠিকভাবে মেনে চলি। ব্যক্তিক সচেতনতার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন