পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। রাজ্যটির ১৬ জেলার ১৫২ আসনে ভোট নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৬টায়।
জেলাগুলো হলো- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান।
প্রথম দফায় ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৬৭টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারি বুথ রয়েছে ২ হাজার ৯৫৮টি। ইতোমধ্যেই প্রতিটি কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন লক্ষ্য করা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন।
প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মিলে প্রায় ৫ লাখ কর্মী প্রথম দফার ভোটের কাজে নিযুক্ত হয়েছেন।
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর ২০২৬ বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭১ জন। পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।
প্রথম দফায় ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এ দফায় বহু মন্ত্রী এবং বর্তমান বিধায়কের ভাগ্য বাক্স বন্দি হবে।
প্রথম দফার যে ১৫২টি আসনে ভোট নেওয়া হচ্ছে এর মধ্যে ২০২১ সালে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। পাহাড়ের একটি আসন পেয়েছিল নির্দল। কংগ্রেস বাস সিপিআইএম একটি আসনেও জিততে পারেনি।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল। প্রতিটি রাজ্যেই ভোট গণনা ৪ মে।
ওএনবি ডেস্ক



