ঢাকা : ইসরায়েল যদি ফের ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তবে তাকে একাই এর পরিণতি মোকাবিলা করতে হবে বলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৮ জুন) মার্কিন প্রেসিডেন্ট এই সতর্কবার্তা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
সাম্প্রতিক পরিস্থিতিতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উভয় পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে, যদি অজ্ঞতা বা বোকামি তা বাধাগ্রস্ত না করে।’

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে নতুন করে হামলা বন্ধ রাখার আহ্বান জানান।
অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। তার ভাষায়, ‘আমি বলেছি, “বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে তুমি একাই থাকবে”।’
রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়। বৈরুতে হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তবে আপাতত একে অপরের ওপর হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে উভয় পক্ষই সতর্ক করে দিয়েছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
জেএফজে



