শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে বার্ন ইউনিট ও আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে মানববন্ধন

কক্সবাজারে বার্ন ইউনিট ও আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে মানববন্ধন

কক্সবাজার : কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা।

মানববন্ধনে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়া সত্ত্বেও কক্সবাজারে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তারা অবিলম্বে কক্সবাজার সদর হাসপাতালে একটি আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড সম্প্রসারণ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং একটি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবি জানান।

কর্মসূচিটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব শামীম ফরহাদ। এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার আহ্বায়ক আলিম উদ্দিন হিলমী, এনসিপি কক্সবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক তাশদীদ উর রেজা, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি মোহাম্মদ আরিফ, জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জায়েদ বিন আমান, ভলান্টিয়ার ফর কক্সবাজারের প্রতিনিধি ও সংবাদকর্মী কামরুল হাসান, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খালিদ বিন সাঈদ এবং জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার মূখ্য সংগঠক ফারুক মোহাম্মদ নওশাদ।

সমাপনী বক্তব্যে জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।

পরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় শ্রমিক শক্তি কক্সবাজারের নেতা মোহাম্মদ ম্যাক্স।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠন এবং স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন