চুয়াডাঙ্গার বড়বাজারে মদ্যপান করে পুলিশের সামনে মাতলামি করার অভিযোগে আশিকুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তারের পর সামারী ট্রায়ালের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। বুধবার (৭ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আশিকুর রহমান মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের সামনে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারী ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়।
পরে বিজ্ঞ আদালত তাকে ওই ধারায় দায়ের করা অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আরসি/এএস



