চুয়াডাঙ্গায় যশোর থেকে প্রকাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রাচীন সংবাদপত্র ‘দৈনিক রানার’ পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘দৈনিক রানার’ এর এই বিশেষ মাইলফলক উদ্যাপন করা হয়।
দৈনিক রানার পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দর্শোনার থানার ওসি নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দর্শনা থানা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বিএনপি নেতা শরিফউদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ১৯৮০ সালে সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা পত্রিকাটিকে শুভেচ্ছা জানান বক্তারা। স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে এটি যশোরসহ পুরো অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছে।
বিশেষ মাইলফলকের দিনে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদ এবং পরবর্তী সময়ে পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া প্রয়াত সাহসী সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল-এর অবদান বিশেষভাবে স্মরণ করা হয়।
দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পেরিয়ে ছেচল্লিশ বছরে পদার্পণের এই শুভক্ষণে দৈনিক রানার তার পূর্বের বস্তুনিষ্ঠ চরিত্র ও সাহসিকতা ধরে রেখে ডিজিটাল যুগেও স্বমহিমায় তথ্য পরিবেশন করে যেতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলেই।
উল্লেখ্য, ১৯৮০ সালের ২৬ মার্চ যশোরে দৈনিক রানারের আত্মপ্রকাশ ঘটে। প্রকাশনা শুরুর পর থেকে জনবোধ্য ভাষায় সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল প্রচারিত শীর্ষ দৈনিকে পরিণত হয় পত্রিকাটি। এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও আলোচিত হয়।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এএস



