, || ||

দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা; বড় ভাই গ্রেফতার

দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা; বড় ভাই গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিজ শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলার মূল রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।

এই ঘটনার ভিকটিমের আপন বড় ভাই মোঃ হাসান আলীকে (২৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ঘাতক বড় ভাই আদালতে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা তারিনীপুর গ্রামের মোঃ হোসেন আলী (২৩) নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। বিরোধের জের ধরে তার আপন বড় ভাই মোঃ হাসান আলী শয়নকক্ষের দেয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশের একটি চৌকস দল ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর দিবাগত সড়ে ১১টার দিকে তারিনীপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই মোঃ হাসান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী তারিনীপুর মাঠপাড়ার মোঃ ইদ্রিস আলীর ছেলে (বর্তমানে মেহেরপুর সদরের পিরোজপুর ফুলবাগানপাড়ার বাসিন্দা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাসান আলী স্বীকার করেন যে, ছোট ভাই মোঃ হোসেন আলীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে সে ঘুমন্ত অবস্থায় ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে তাকে হত্যার চেষ্টা করেছিল। ঘটনার পরপরই মেহেরপুরে পালিয়ে গিয়েছিল।

দামুড়হুদা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এইচ আর

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন