ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে দায়িত্বপালন কালে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামের এক উপপরিদর্শক (এসআই)।
বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।
বিবি



