, || ||

আইসিসির বড় পদে তামিম ইকবাল

আইসিসির বড় পদে তামিম ইকবাল

ঢাকা: তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নবগঠিত ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’র প্রধান হিসেবেও দায়িত্ব দেয়া হয়েছে তামিমকে।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই সিদ্ধান্তগুলো নিশ্চিত করে।

এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার পর, জাতীয় ক্রীড়া পরিষদ সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল। পরবর্তীতে গত মাসে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে চার বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি।

চলতি মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও অংশ নেন তামিম। এবার আইসিসি তাকে বোর্ডের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপক প্রসার ও এর প্রভাব তদারকি করতে নতুন দুটি সাব-কমিটি গঠন করেছে আইসিসি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’র প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটিতে তার অধীনে সদস্য হিসেবে কাজ করবেন বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী তিন বোর্ডের শীর্ষ কর্তারা।

তারা হলেন- ভারতের (বিসিসিআই) দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড ও অস্ট্রেলিয়ার (সিএ) টড গ্রিনবার্গ। এছাড়াও নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন এই কমিটিতে থাকছেন।

আইসিসি সভায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। তা হলো- দীর্ঘদিন ধরে তীব্র অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সংকট কাটিয়ে উঠতে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া। আফ্রিকার দেশ মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া।

এছাড়া- ক্রিকেট কানাডার ওপর আইসিসি কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড তাদের গঠনতন্ত্র সংশোধনের কাজ এগিয়ে নিলেও, আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আইসিসির কোনো সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি অংশ নিতে পারবেন না।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন