ঢাকা: আরও দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
তিনি বলেন, রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ রেখে আদালত তার মক্কেল ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন।

তিনি আরও বলেন, এর আগেও হাইকোর্ট থেকে তিনি তিনটি মামলায় জামিন পেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করায় তা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া আরও দুটি মামলা বিচারাধীন আছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে তার নামে।
আরপি/এএস



