চট্টগ্রাম : চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি আশপাশের পাহাড়ি এলাকাগুলোতেও সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য রয়েছে এবং পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হবে।

বিভিন্ন কারণে সেখানে বসতি স্থাপন করতে বাধ্য হওয়া বাসিন্দাদের আপাতত উচ্ছেদ করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের পুনর্বাসনের বিষয়ে আমরা ভাবছি।
তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকায় একটি নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি- এই চারটি অপরাধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হবে। পরিকল্পিত যৌথ ও সাঁড়াশি অভিযানের মাধ্যমে এসব অপরাধ নির্মূলে কাজ করা হবে।
তিনি বলেন, বিদ্যমান আইনি কাঠামো দিয়ে সেগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী সংসদ অধিবেশনে এ বিষয়টি আনার চেষ্টা করা হবে।
চৌধুরী রেদোয়ান /এনডি/এ এস



