, || ||

দামুড়হুদার হাউলী ইউপি নির্বাচন বন্ধে ফের রিট, ক্ষুব্ধ এলাকাবাসী

দামুড়হুদার হাউলী ইউপি নির্বাচন বন্ধে ফের রিট, ক্ষুব্ধ এলাকাবাসী

সীমানা জটিলতা ও একের পর এক রিট আবেদনের কারণে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে আটকে আছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে নির্বাচন প্রক্রিয়া। এরই মধ্যে গত ২৬ অক্টোবর আবারও নির্বাচন স্থগিতের উদ্দেশ্যে রিট করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও জনপ্রতিনিধিত্ব নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষের এই ইউনিয়নে দু-একজনের কারণে বারবার নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, দ্রুত সব আইনি জটিলতা নিরসন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১ সালের ২১ জুন হাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হলে ২০১৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত উপনির্বাচনে মোহাম্মদ আলী শাহ মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হন।

পরে ২০১৬ সালে মেয়াদ শেষে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করে ১৬ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ইউনিয়ন বিভক্তির বিষয় নিয়ে আকবর আলী নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট করলে নির্বাচন প্রক্রিয়া জটিলতায় পড়ে। পরবর্তীতে কাদিপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে মজিবর রহমান একই বিষয়ে আরেকটি রিট করেন। প্রার্থীদের মনোনয়নসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে নির্বাচন স্থগিত করা হয়।

মামলার বাদী মজিবর রহমান বলেন, আমি এত কিছু বুঝি না। মিন্টু শাহ বলেছিল এখানে স্বাক্ষর করতে, আমি স্বাক্ষর করে দিয়েছিলাম। পরে শুনেছি, আমি মামলার বাদী। আমি কোনো দিন কোর্টে যাইনি। মামলা তুলতে যা যা দরকার, আমি করব। আমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমি মামলা তুলে নেব।

হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ৫ আগস্টের আগে বিভিন্ন সময়ে হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধের জন্য নানা ধরনের রিট করা হয়েছিল। পরবর্তীতে আবারও গত ২৬ অক্টোবর কতিপয় ইউপি সদস্য মিলে নির্বাচন বন্ধের জন্য রিট করেছেন বলে জানতে পেরেছি।

তিনি বলেন, সবাই নির্বাচন চায়। এক দশকেরও বেশি সময় ধরে উন্নয়ন ও জনপ্রতিনিধিত্বের বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি দল ও বিরোধী দল—সব পক্ষই যখন নির্বাচন চাচ্ছে, তখন নির্বাচন নিয়ে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা কাম্য নয়। আমরা চাই, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে নির্বাচন বন্ধের বিষয়টি আমরা জানতাম। ৫ আগস্টের পর যেন নতুন করে কোনো জটিলতা না হয়, সে বিষয়ে আমি ইউপি সদস্যদের সতর্ক করেছিলাম। তবে সম্প্রতি আবারও রিটের বিষয়টি শুনতে পেয়েছি। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না।

এদিকে নতুন করে কয়েকজন ইউপি সদস্যের যোগসাজশে আবারও রিটের খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থেকে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই দীর্ঘদিনের নির্বাচন-সংকটের স্থায়ী সমাধান করতে হবে। আর কোনো অজুহাতে যেন হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে না থাকে।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন