সাতক্ষীরা: সাতক্ষীরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং চলমান বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি খালে এই অভিযানের উদ্বোধন করা হয়।
অভিযানের উদ্বোধন করে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা খালে অবৈধভাবে নেট-পাটা বা বাঁধ দিয়েছেন, তারা নিজ দায়িত্বে তা অপসারণ করুন। স্বেচ্ছায় এসব প্রতিবন্ধকতা অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা ও খাল রক্ষার এই অভিযান কেবল এক-দুই দিনের কোনো কর্মসূচি নয়; এটি জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ। বর্ষা মৌসুমে কিছু ঘেরমালিক চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা দিয়ে পানিপ্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি করছেন। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।

তিনি আরও বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। ভবিষ্যতে জেলার কোথাও অবৈধভাবে খাল দখল কিংবা পানি চলাচলে বাধা দেওয়ার তথ্য পাওয়া গেলে, জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের অনুকম্পা না দেখিয়ে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শুরুর প্রথম দিনেই খালের বিভিন্ন পয়েন্টে স্থাপিত অবৈধ নেট-পাটা ও ঘেরের জাল অপসারণ করা হয়। একই সাথে খালের ভেতরের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের এই খালটি ছাড়াও পর্যায়ক্রমে জেলার সবকটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ খালে একই ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসনের এই জনকল্যাণমূলক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বিশেষ করে ‘বিডি ক্লিন সাতক্ষীরা’, ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা’ এবং ‘সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি’র প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা খাল পরিষ্কার কার্যক্রমে সরাসরি হাত লাগান।
স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ওএনবি/আব্দুল মোমিন/এএস শুরু



