, || ||

সাতক্ষীরায় হিমসাগর আমভাঙা ও বিদেশে রপ্তানি শুরু

সাতক্ষীরায় হিমসাগর আমভাঙা ও বিদেশে রপ্তানি শুরু

সাতক্ষীরা : সরকার ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরার আম চাষীরা আজ শুক্রবার (১৫ মে) গাছ থেকে হিমসাগর আম ভাঙা শুরু করেছেন। সকালে থেকেই বাজারে মিলছে সাতক্ষীরার জনপ্রিয় রসালো সুস্বাদু আম হিমসাগর। শুধু তাই নয় আজ থেকে হিমসাগর আম বাগান থেকে সরাসরি চলে যাবে বিদেশে।

শহরের কুকরালী এলাকার আম চাষি হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইংল্যান্ড ও ইতালী যাচ্ছে হিমসাগর। চাষি খোকা জানান, আজ শুক্রবার চার টন হিমসাগর আম আমার বাগান থেকে বিদেশ যাবে। বায়ারদের নিকট প্রতিমণ আম তিন হাজার টাকায় বিক্রি করেছি।

সকাল নয়টার দিকে সাতক্ষীরার একমাত্র আমের বাজার সুলতানপুর বাজারে গিয়ে দেখা যায়, শত শত ইঞ্জিনচালিত ভ্যানে আমভর্তি ক্রেট নিয়ে দীর্ঘ সারি। বাজারের ভেতরে ঢোকারও যেন জায়গা নেই।

পাইকারি ক্রেতাদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কেউ পরিবারের জন্য, কেউ দূরের আত্মীয়স্বজনের কাছে পাঠানোর জন্য মৌসুমের প্রথম হিমসাগর কিনতে ব্যস্ত সময় পার করছে।

রাজশাহী থেকে আসা পাইকার ফজলু রহমান বলেন, ‘সাতক্ষীরার হিমসাগর আমের আলাদা কদর আছে। রং, ঘ্রাণ আর স্বাদের জন্য ঢাকায় এই আমের চাহিদা অনেক বেশি। প্রথম দিনেই ভালো মানের আম পাওয়া যাচ্ছে, তাই বেশি করে কিনছি। হিমসাগরের চাহিদা সব সময়ই বেশি। এবার প্রথম দিনেই বাজারে প্রচুর আম উঠেছে। প্রতি মণ হিমসাগর বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকায়। কয়েক দিনের মধ্যে দাম আরও কিছুটা কমতে পারে বলেও ধারণা তাঁর।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, হিমসাগর আম এখন পরিপক্ব। আজ শুক্রবার থেকে চাষীরা বাজারজাত করতে পারবেন। আগামী ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি জাতের আম বাজারজাত করা যাবে। এ বছর জেলায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদেশ রপ্তানি আশা রয়েছে একশো মেট্রিকটন আম।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন