শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আগস্টে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আগস্টে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ঢাকা: আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বর মাসের শুরুতে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফর আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে হওয়ার সম্ভাবনা বেশি। এ সফরের এজেন্ডা নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে।

জানা গেছে, আগামী ১২ আগস্ট ঢাকায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের চীন সফরের পর থেকেই তাকে সফরে নেওয়ার বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়ে আসছে জাপান। দুই দেশই বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় চীন সফরের পর জাপান সফরের বিষয়টি জোরালো হয়েছে।

সূত্র বলছে, চীন ইস্যুতে টোকিও ও দিল্লি অনেক ক্ষেত্রেই একে অন্যকে সমর্থন করে। কিন্তু প্রধানমন্ত্রীর ভারত সফর যেহেতু সহসাই হচ্ছে না, তাই জাপান সফর সরকারের কাছে অনেকটা ‘ব্যালেন্স’ ঠিক রাখার মতো।

বাংলাদেশ চীনের দিকে অনেকটা ঝুঁকে গেছে-এমন ভাবনায় জাপান সফর সমতা রক্ষা এবং নতুন দৃষ্টি নিয়ে আসবে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে সরকারের অবস্থান আরেক দফায় প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ বৈদেশিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থই সবার আগে।

এদিকে একটি কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সহসাই তার ভারতে সফরে যাওয়ার সম্ভাবনা নেই।

ওএনবি/জেপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন