ঢাকা : ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
প্যানেলের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাজা পরোয়ানা মূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে, গত ৯ এপ্রিল শহিদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় হাসিবুর রশিদের অবস্থান টের পেয়ে তাকে আটকে রাখেন স্থানীরা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
পিএস/এনডি/জেএফজে



