রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইতালিতে এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা

ইতালিতে এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা

ঢাকা: ইতালির রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) রাতে রোমের ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর নিজস্ব অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।

দেশটির একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩৯ বছর বয়সী বাবা, ৩৮ বছর বয়সী মা এবং তাদের ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তবে প্রতিবেদনে তাদের পরিচয় উল্লেখ করা হয়নি।

এই হামলায় দম্পতির ২০ বছর বয়সি বড় ছেলেও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

এই ঘটনার পর ঘাতককে গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ জোর অভিযান শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য রোম পুলিশের গোয়েন্দা বিভাগ (স্কোয়াড্রা মোবাইল) ও ফরেনসিক দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যাকারী ভুক্তভোগী এই বাংলাদেশি পরিবারের পূর্বপরিচিত ছিল। ঘটনার পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এবং খুনিকে শনাক্ত করতে পুলিশ নিহতদের বন্ধুবান্ধব, পরিচিতজন এবং রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন