রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইধিকার সাথে ফের জুটি বাঁধছেন শাকিব!

ইধিকার সাথে ফের জুটি বাঁধছেন শাকিব!

ঢাকা: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের সাথে দুইটি ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন ঢাকাই ছবির কিং শাকিব খান। দুই সিনেমা, দুই সুপারহিট। এই জুটি একসঙ্গে পর্দায় এলেই যেন দর্শকদের বাড়তি উন্মাদনা তৈরি হয়।

এদিকে শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এসেছে মিডিয়া পাড়ায়। শাকিব খান ও ইধিকা পালের জুটিকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

সিনেমা পাড়ায় ফের গুঞ্জন উঠেছে, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে আবারও দেখা যেতে পারে ইধিকাকে। ইতোমধ্যে সিনেমাটিতে শাকিব খান নিশ্চিত হলেও নায়িকা কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখনও কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি।

তবে সম্ভাব্য নায়িকাদের তালিকায় কলকাতার অভিনেত্রী ইধিকা পাল রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শাকিব খান ও ইধিকা পাল প্রথম জুটি বাঁধেন ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়।

এরপর ২০২৫ সালে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমাতেও তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। প্রযোজকের দাবি, ছবিটি ঢালিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

জানা গেছে, বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে শুটিং শুরু হবে।

পরিচালক জানিয়েছেন, নতুন সিনেমাতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। ছবির গল্প ও উপস্থাপনায়ও থাকবে নতুনত্ব।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন