ঢাকা : পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে নগরবাসী ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করলেও ঢাকা এখনও পুরোপুরি স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরেনি। এমন ফাঁকা ও শিথিল পরিবেশের মধ্যেই মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাসস্ট্যান্ড থেকে রিকশায় করে নিজ বাসায় ফেরেন দুই বোন। রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় তাদের পাশে রিকশাচালকও ছিলেন।
হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে এসে দুই নারীকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। তার পরনে ছিল লুঙ্গি, কালো গেঞ্জি এবং মাথায় একটি ক্যাপ। পরে তিনি দুই বোনের সঙ্গে থাকা লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেন। চাপাতিধারী ওই ব্যক্তির সঙ্গে আরেকজন সহযোগীও ছিল। ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান জানান, ঘটনাটি গত শনিবার (৩০ মে) রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দিবাগত রাত ৩টার দিকে ঘটেছে। ছিনতাইকারীরা দুই নারীকে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তাদের লাগেজসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাকিবুজ্জামান রাকিব রো বলেন, ভুক্তভোগী দুই বোনের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে রিকশা থেকে নামার পরই তারা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরপি/এনডি/এএস



