কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ওয়েস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বিরুদ্ধে এমন দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জুবায়ের ওই ক্যাম্পে আরসার জিম্মাদার (কমান্ডার) হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ভোরে জুবায়ের নিজ ঘর থেকে পাশের একটি মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মোছা হারুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র ব্যক্তি তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে জুবায়েরকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি বলেন, জুবায়েরের শরীরের বিভিন্ন স্থানে তিন থেকে চারটি গুলি লাগে। গুলির শব্দ শুনে আশপাশের রোহিঙ্গারা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পে অতিরিক্ত টহল জোরদার করেন। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ক্যাম্পবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।
শাহজাহান চৌধুরী শাহীন/এএস



