কক্সবাজার : কক্সবাজারে ভাড়া বাসা থেকে ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই স্বামী ইমন পলাতক রয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে শহরের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতেরঘোনা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফারজানার স্বামী ইমনের সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ফারজানার মা জানান, বোনের কাছ থেকে ধার করা ১০ হাজার টাকা স্বামীকে দেওয়ার পর থেকেই তাদের সংসারে কলহ বেড়ে যায়। সোমবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



