কক্সবাজার: সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপকূলীয় সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাহিনীটি।
সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে উপকূলীয় এলাকার হাজারো জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা সংকটে পড়েছে। বিশেষ করে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দরিদ্র জেলেদের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট।
এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি এলাকায় অসহায় ও দুঃস্থ জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন সময়ে জীবিকা নির্বাহে সাময়িক সমস্যায় পড়া ৪০০ জেলে পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। অনেকেই জানান, এমন দুর্দিনে বিজিবির সহযোগিতা তাদের পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মানবিক সহায়তার মাধ্যমে বাহিনীটি শুধু দায়িত্ব পালনই নয়, মানুষের আস্থা ও ভালোবাসাও অর্জন করছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



