, || ||

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১৩২

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১৩২

ঢাকা: কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে কালি, পেরেইরা, কিবদো ও মানিজালেস। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি পরাঘাত অনুভূত হয়।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কালিতে অন্তত ২০টি ভবন পুরোপুরি বা আংশিক ধসে পড়েছে। আরও প্রায় ৩৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় চোকো এলাকা। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি নিশ্চিত করেছেন, আঞ্চলিক রাজধানী কুইবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একাধিক ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রচারিত ফুটেজে ধসে পড়া ভবনের অবশিষ্টাংশ ফুটপাতে পড়ে থাকতে এবং আতঙ্কে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন