, || ||

গাইবান্ধায় শিবির নেতা হত্যা মামলা যুবদলের সেই বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় শিবির নেতা হত্যা মামলা যুবদলের সেই বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের হারিকেন কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে সাঘাটা থানার ওসি মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোখলেছুর রহমান মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত সভাপতি। এ নিয়ে এই মামলায় মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো।

সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, সাইফুল্লাহ বারী হত্যা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ আমলা গ্রেপ্তার অন্য আসামিরা হলেন— আশরাফ, রবিউল, শাহ আলম এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী।

তিনি উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের মাওলানা হাবিবুর রহমানের ছেলে এবং বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ২২ জুন সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন