রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাজীপুরে বিআরটিএ প্রকল্পের অরক্ষিত ড্রেনে পড়ে নারীর মৃত্যু

গাজীপুরে বিআরটিএ প্রকল্পের অরক্ষিত ড্রেনে পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে বিআরটিএ প্রকল্পের অরক্ষিত ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নাজমা খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।

রোববার (২১ জুন) বিকেলে গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটলেও রাতে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বিকেলে ভারি বৃষ্টিতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশের সড়ক ও ফুটপাত পানিতে ডুবে যায়। এসময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নিখোঁজ হন নাজমা।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, রোববার বিকেলে ভারি বৃষ্টির কারণে ওই স্থানে সড়কের পাশে বিআরটিএ প্রকল্পের ড্রেনের ঢাকনা খোলা থাকলেও বৃষ্টির পানিতে তা ডুবে ছিল।

নিহত নাজমা বেগম হেঁটে যাওয়ার পথে হঠাৎ ড্রেনে পড়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থল থেকে কিছু দূরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

এরপর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে জানানো হয়েছে।

এএইচ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন