রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে খাদে মাইক্রোবাস পড়ে ৩ বৌদ্ধ সন্ন্যাসী নিহত

চট্টগ্রামে খাদে মাইক্রোবাস পড়ে ৩ বৌদ্ধ সন্ন্যাসী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা ৩ বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ খান বলেন, আমরা সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। এখানে শুধু দুর্ঘটনাকবলিত একটি মাইক্রোবাস আছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পদুয়াসহ দূরের হাসপাতালে নিয়ে গেছে। গাড়িটি সম্ভবত কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে দোহাজারি হাইওয়ে থানার টিমকে বুঝিয়ে দিয়েছি। নিহতরা সবাই বুড্ডিস্ট। তিনজনই গেরুয়া কাপড় পরিহিত। তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। পরে মাইক্রোটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এস/এনডি/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন