রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চীনে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

চীনে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।

চীনের দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। চীনের দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন।

এছাড়া ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

সেখানে আরও উল্লেখ করা হয়, আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন।

এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের মতে, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণেও ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন