, || ||

চুয়াডাঙ্গার পরিবহন ধর্মঘট ‘তিন দিনের’ জন্য প্রত্যাহার

চুয়াডাঙ্গার পরিবহন ধর্মঘট ‘তিন দিনের’ জন্য প্রত্যাহার

১৬ ঘণ্টা পর চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তিন দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সোমবার রাত থেকেই দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে পাঁচটি রুটে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক পক্ষ থেকে জানানো হয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামানের আহ্বানে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এরপরই ধর্মঘট তিন দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে।

এর আগে সোমবার ভোর ৬টা থেকে চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও বাসচালকেরা জেলার পাঁচটি আন্তঃজেলা লোকাল রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেন। এ কর্মসূচির কারণে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ধর্মঘটের সূত্রপাত হয় দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে।

শ্রমিকদের অভিযোগ, ওই বিরোধের একপর্যায়ে তাদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পাশাপাশি মহাসড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচলে বাধা দেওয়া এবং কয়েকটি বাস আটকে রাখার অভিযোগও ওঠে।

শ্রমিকদের দাবি, প্রায় পাঁচ ঘণ্টা ধরে মহাসড়কে এ পরিস্থিতি চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে জেলার পাঁচটি আন্তঃজেলা লোকাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন তারা।

এদিকে পরিস্থিতি নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মহাসড়কে বাস আটকে রাখা এবং মহাসড়কে ইজিবাইক চলাচলের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

ঘটনার নিষ্পত্তি না হলে মঙ্গলবার ভোর ৬টা থেকে চুয়াডাঙ্গার দূরপাল্লার সব বাসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বিরোধের মূল বিষয় তিনটি দাবিকে ঘিরে। এগুলো হলো—পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মহাসড়কে বাস আটকে রাখার ঘটনা বন্ধ এবং মহাসড়কে অবৈধভাবে ইজিবাইক চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন