শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ছাগল ছানা তুলতে গিয়ে নেইমারসহ পরিবারের ৪ জনের মৃত্যু

ছাগল ছানা তুলতে গিয়ে নেইমারসহ পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠী পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে লাশগুলো উদ্ধার করে।

মারা যাওয়া চারজন হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তারা সবাই একই পরিবারের সদস্য।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা স্থানীয় একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ওই ছাগল ছানা তুলতে প্রথমে কূপে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না পেয়ে কুপে নামে বাবুল হাদিমা। একইভাবে গ্রাবিয়াল এবং শেষে রতন।

একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়।

ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কূপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে দিয়ে একে একে তাদের লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিয়াদ ইসলাম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন