, || ||

জীবননগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জীবননগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে উক্ত সভায়- আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ বছর জীবননগর উপজেলায় মোট ২৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় এবারের শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আবুল হোসেন, জীবননগর পূজা উদযাপন কমিটির ও জীবননগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মিরা।

ওএফ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন