চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মোঃ সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
গতকাল রোবিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মোঃ সেলিম (৩৫) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির হাবিলদার মোঃ ইছাব্বর আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে মোঃ সেলিম আটক করা হয়। আটককৃত ব্যক্তির ভ্যান তল্লাশি করে ভ্যানের সামনে থাকা সাদা রঙের মাইকের ব্যাটারি রাখা স্থান থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার ব্যাটারি চালিত অটো ভ্যানটিও জব্দ করা হয়।
বিজিবি আরও জানিয়েছে, স্বর্ণের বার গুলোর আনুমানিক ওজন ৫শ ৭৫ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। আটককৃত আসামি মোঃ সেলিমকে জীবননগর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ গুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএস



