সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের (মহেশপুর ব্যাটালিয়ন) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৮ জুলাই) সকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৭০/৬-এস সংলগ্ন এলাকায় সন্দেহভাজন এক চোরাকারবারীকে ধাওয়া করে।

এ সময় ওই ব্যক্তি সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগানে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

একই সঙ্গে পলিথিনে মোড়ানো অবস্থায় আমেরিকায় তৈরি একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো রফিকুল আলম জানান,সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হবে এবং উদ্ধার করা মালামাল জীবননগর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।অস্ত্র ও মাদক চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে।

ওএনবি/এআরডি/এএস 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন