ঢাকা: টানা তিন দফা কমানোর পর এবার দেশের বাজারে সোনার দাম বাড়ালো। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
এর আগে গত ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর সোনার দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১৫ হাজার ৮৬৩ টাকা।
এই দাম কমানোর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন আবার দাম বাড়ানো হলো।
এসএস/এএস



